বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দুই যমজ ভাই মো. আতিকুর রহমান ও মো. আশিকুর রহমান উচ্চশিক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
জানা গেছে, বড় ভাই আতিকুর রহমান ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করতে যাচ্ছেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে। অন্যদিকে তার যমজ ভাই আশিকুর রহমান পিএইচডি করবেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে।
তারা দুইজনই বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। ভিন্ন ব্যাচে পড়লেও একাডেমিক ফলাফলে দুজনই নিজ নিজ ব্যাচে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হওয়ার গৌরব অর্জন করেন। শিক্ষক ও সহপাঠীদের কাছে তারা মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত।
সহপাঠীদের মতে, ছোটবেলা থেকেই তারা অত্যন্ত মনোযোগী ও গবেষণামুখী ছিলেন। দীর্ঘদিনের প্রস্তুতি, একাডেমিক দক্ষতা ও অধ্যবসায়ের ফলেই তারা বিশ্বের প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা অঙ্গনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, এই দুই শিক্ষার্থীর সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি জানান, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে বিভিন্ন শিক্ষক ও গবেষকদের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, দেশে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা মনে করছেন, এই দুই ভাইয়ের সাফল্য ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একইসঙ্গে এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সক্ষমতার একটি ইতিবাচক উদাহরণ।
স্বপ্ন, অধ্যবসায় ও সুযোগের সমন্বয়ে গড়ে ওঠা এই অর্জন এখন বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের গর্বে পরিণত হয়েছে।
আরটিভি/এসকে



